সাংবাদিকদের জন্য কক্সবাজারকে “রেড জোন” ঘোষণা

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা কক্সবাজারে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ১১ দিনের মধ্যে সাংবাদিকদের সঙ্গে সম্পর্কিত তিনটি গুরুতর ঘটনা বাংলাদেশ মিডিয়া মনিটর পর্যবেক্ষণ ও নথিভুক্ত করেছে।

বাংলাদেশ মিডিয়া মনিটরের পর্যবেক্ষণ অনুযায়ী, দুটি পৃথক ঘটনায় মোট সাতজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনজন সাংবাদিক হামলার শিকার হন এবং আরেকটি ঘটনায় অবৈধ পাহাড় কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে চারজন সাংবাদিক আক্রান্ত হন।

এছাড়া একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করার পর এক সাংবাদিকের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

স্বল্প সময়ের মধ্যে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া এসব ঘটনার ধরণ, সংখ্যা এবং ঝুঁকির মাত্রা বিবেচনা করে বাংলাদেশ মিডিয়া মনিটর এই মুহূর্তে সাংবাদিকদের জন্য কক্সবাজার জেলাকে একটি “রেড জোন” হিসেবে ঘোষণা করছে।

সাংবাদিকদের জন্য সতর্কতা

বাংলাদেশ মিডিয়া মনিটর কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের বিশেষ সতর্কতার সঙ্গে সংবাদ সংগ্রহের আহ্বান জানাচ্ছে, বিশেষ করে পরিবেশবিষয়ক অপরাধ, অবৈধ সম্পদ আহরণ এবং ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগসংক্রান্ত সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে। এছাড়া যেকোনো ধরনের হুমকি, বাধা বা হামলার ঘটনা নথিভুক্ত করারও আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ মিডিয়া মনিটর কক্সবাজারে সাংবাদিক নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও নথিভুক্ত করা অব্যাহত রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top