২৫ জুনের আগে ও পরে নিউজ২৪ টকশোতে এনসিপির উপস্থিতির ধারা

এই পর্যবেক্ষণটি নিউজ২৪-এর দুটি রাজনৈতিক টকশো “জনতন্ত্র ও গণতন্ত্র” এবং “নতুন বাংলাদেশ” এর অতিথি তালিকার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এতে ২০২৬ সালের জুন মাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের উপস্থিতি এবং ২৫ জুনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার পর ১৭ জুলাই পর্যন্ত তাদের উপস্থিতির ধারা বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণের উদ্দেশ্য কোনো কারণ-সম্পর্ক প্রতিষ্ঠা করা নয় বরং অতিথি নির্বাচনে দৃশ্যমান পরিবর্তনের ধারা তথ্যভিত্তিকভাবে উপস্থাপন করা। এই প্রতিবেদনে শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্য তথ্য (ডাটা) ও পরিমাপযোগ্য উপস্থিতির ভিত্তিতেই বিশ্লেষণ করা হয়েছে।

মাসজুড়ে বিভিন্ন পর্যায়ের এনসিপির সাতজন নেতা মোট ১৬টি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। এর মধ্যে অধিকাংশ উপস্থিতি ছিল “নতুন বাংলাদেশ” টকশোতে, যেখানে এনসিপির প্রতিনিধিরা নিয়মিত আলোচনায় অংশ নেন। অপরদিকে “জনতন্ত্র ও গণতন্ত্র” এও এনসিপির একাধিক নেতা বিভিন্ন সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই পরিসংখ্যান ইঙ্গিত করে যে, জুন মাসে নিউজ২৪ এর রাজনৈতিক টকশোগুলোতে এনসিপি ছিল নিয়মিত আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোর একটি।

চার্টে দেখা যায়, ২০২৬ সালের জুন মাসে নিউজ২৪-এর রাজনৈতিক টকশোতে এনসিপি নেতাদের মোট ১৬টি উপস্থিতির মধ্যে ১২টি (৭৫%) ছিল “নতুন বাংলাদেশ” অনুষ্ঠানে এবং ৪টি (২৫%) ছিল “জনতন্ত্র ও গণতন্ত্র” অনুষ্ঠানে। অর্থাৎ, জুন মাসজুড়ে এনসিপির উপস্থিতি মূলত “নতুন বাংলাদেশ” টকশোকেন্দ্রিক ছিল। এই প্যাটার্ন ইঙ্গিত করে যে, ওই সময়ে নিউজ২৪-এর এই অনুষ্ঠানে এনসিপি নেতাদের নিয়মিতভাবে আলোচনায় অন্তর্ভুক্ত করা হচ্ছিল। তবে এই চার্ট শুধুমাত্র উপস্থিতির ট্রেন্ড তুলে ধরে।

জুন মাসে নিউজ২৪ এর রাজনৈতিক টকশোতে এনসিপির ৭ জন ভিন্ন নেতা অতিথি হিসেবে অংশ নেন। এর মধ্যে ফরিদুল হক এবং সারোয়ার তুষার সর্বোচ্চ ৪ বার করে উপস্থিত হয়েছেন। আলাউদ্দিন মোহাম্মদ ও মুজাহিদুল ইসলাম শাহিন উপস্থিত হয়েছেন ২ বার করে। অপরদিকে আরিফুল ইসলাম আদিব, ড. আতিক মুজাহিদ এবং মাওলানা আশরাফ মাহদী প্রত্যেকে ১ বার করে অতিথি হয়েছেন। এই ডিস্ট্রিবিউশন থেকে বোঝা যায়, জুন মাসে এনসিপির প্রতিনিধিত্ব এক বা দুই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং দলের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতাকে ধারাবাহিকভাবে আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

২৫ জুন ২০২৬ জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বসুন্ধরা গ্রুপ-সংক্রান্ত একাধিক বিষয় উত্থাপন করেন। তিনি আলোচিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চান। পাশাপাশি, বসুন্ধরা গ্রুপের সঙ্গে সরকারের কোনো “আন্ডারটেবিল সমঝোতা” হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন। এছাড়া বিদেশে অর্থ পাচার, সম্পদ দখল এবং গণমাধ্যম ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই সংসদীয় বক্তব্যের পর অভিযোগ ওঠে যে, বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন নিউজ২৪ রাজনৈতিক টকশোগুলোতে এনসিপি নেতাদের আমন্ত্রণ কমে যায়। এই প্রতিবেদনে সেই অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি বরং ২৫ জুনের আগে ও পরে অতিথি উপস্থিতির ধারা তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়েছে, যাতে তথ্যভিত্তিক পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়।

২৫ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত নিউজ২৪ এর দুইটি রাজনৈতিক টকশোতে এনসিপি নেতাদের উপস্থিতির পরিবর্তন তুলে ধরা হয়েছে। দেখা যায়, “জনতন্ত্র ও গণতন্ত্র” অনুষ্ঠানে এই সময়ে এনসিপির উপস্থিতি সীমিত হয়ে মাত্র ১ বারে নেমে আসে। অন্যদিকে “নতুন বাংলাদেশ” অনুষ্ঠানে ২৫-৩০ জুন পর্যন্ত ৩ বার এনসিপি নেতা অতিথি হলেও ১-১৭ জুলাই সময়ে একজনও এনসিপি নেতা অতিথি হিসেবে উপস্থিত হননি। এই ট্রেন্ড জুন মাসের তুলনায় এনসিপি প্রতিনিধিত্বে একটি উল্লেখযোগ্য হ্রাসের প্যাটার্ন  নির্দেশ করে।

১-২৪ জুন সময়ে এনসিপি নেতাদের উপস্থিতি ছিল নিয়মিত এবং ধারাবাহিক। ২৫-৩০ জুন সময়ে সেই উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে আসে। পরবর্তী সময়ে, ১-১৭ জুলাই পর্যন্ত পুরো পর্যবেক্ষণকালে মাত্র একবার এনসিপি নেতা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এই প্যাটার্ন অতিথি উপস্থিতিতে একটি দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত দেয়।

সকল ডাটা বিশ্লেষণে ২৫ জুনের পর নিউজ২৪-এর রাজনৈতিক টকশোগুলোতে এনসিপি নেতাদের উপস্থিতিতে একটি স্পষ্ট পরিবর্তনের প্যাটার্ন  দেখা যায়। তবে এই পর্যবেক্ষণ কেবল অতিথি তালিকার বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি। তাই এই পরিবর্তনের সঙ্গে নির্দিষ্ট কোনো রাজনৈতিক ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়। বরং উপাত্তে প্রতিফলিত পরিবর্তনের ধারা ভবিষ্যতে আরও বিস্তৃত মিডিয়া মনিটরিং ও সম্পাদকীয় ট্রেন্ড বিশ্লেষণের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top