১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর প্রথম ছয় মাসে (১৭ই ফেব্রুয়ারি ২০২৬ ১৭ই আগস্ট ২০২৬) স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা উল্লেখযোগ্য মাত্রায় বিঘ্নিত হয়েছে। বাংলাদেশ মিডিয়া মনিটর (BDMM)-এর নিয়মিত মনিটরিং ও ফিল্ড ডেটা সংকলনের অংশ হিসেবে দেশজুড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সৃষ্ট প্রতিবন্ধকতা, শারীরিক আক্রমণ, আইনি হয়রানি এবং অন্যান্য সহিংস ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। প্রস্তুতকৃত এই ১৮০ দিনের সেইফটি ট্র্যাকার রিপোর্টে উল্লিখিত সময়কালে সারা দেশে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, আইনি হয়রানি, প্রাতিষ্ঠানিক নিপীড়ন এবং পেশাগত বাধার অন্তত ১৪৩টি পৃথক ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় সব মিলিয়ে অন্তত ৩০২ জন সাংবাদিক, আলোকচিত্রী, কলামিস্ট ও সংবাদমাধ্যম কর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষয়ক্ষতি ও নির্যাতনের শিকার হয়েছেন। গড় হিসাবে দেখলে, প্রতি দেড় দিনে একটি করে হামলার ঘটনা এবং প্রতিদিন গড়ে প্রায় দুইজন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে হার একটি গণতান্ত্রিক রূপান্তরকালীন সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।