মুহাম্মদ আবদুল মুকিম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চ্যানেল টোয়েন্টিফোরের ভেরিফাইড পেজে “জামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের” শিরোনামে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ২২ সেপ্টেম্বর দুপুর ২ টা ১১ মিনিটে করা পোস্টটির কমেন্ট সেকশন পর্যালোচনা করে দেখা যায়, পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

অনেকেই মনে করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের কর্মসূচি স্থগিতের অনুরোধ জানিয়েছেন।
সংবাদের মূল তথ্য ও প্রকৃত সত্য
সংবাদটির বিস্তারিত অংশে প্রবেশ করে দেখা যায়, মূল ঘটনাটি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সম্পর্কিত। পেট্রোলিয়াম লেভি বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ইসলামোবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী পাকিস্তান। সেই কর্মসূচির প্রেক্ষাপটে দলটির আমীর হাফিজ নাঈমুর রহমানকে লং মার্চ স্থগিতের অনুরোধ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
অর্থাৎ, এই খবরের সঙ্গে বাংলাদেশ বা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই।
বাংলাদেশে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট
উল্লেখ্য যে, সম্প্রতি বাংলাদেশেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বা বিরোধী দলীয় জোট ৮ দফা দাবিতে দেশব্যাপী বিভিন্ন দফায় লং মার্চ কর্মসূচি পালন করছে। এই ধরণের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোনামে ভৌগোলিক স্পষ্টতা না থাকায় পাঠকদের মধ্যে বিভ্রান্তি আরও ছড়িয়ে পড়ে।
অস্পষ্ট শিরোনামে সংবাদটি প্রকাশ করেছে যেসব সংবাদমাধ্যম
গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে চ্যানেল টোয়েন্টিফোর ছাড়াও আরও কিছু সংবাদমাধ্যমের শিরোনামে একই ধরনের অস্পষ্টতা লক্ষ্য করা যায়। যদিও সংবাদমাধ্যমগুলো আন্তর্জাতিক সেকশনে সংবাদটি প্রকাশ করেছে।
| সংবাদমাধ্যমের নাম | অস্পষ্ট শিরোনাম |
| চ্যানেল টোয়েন্টিফোর | জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের |
| বাংলা ট্রিবিউন | জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান শাহবাজের |
| আমার দেশ | জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ |
| জাগো নিউজ টোয়েন্টিফোর | জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের |
| খোলা কাগজ | জামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের |
| আলোকিত বাংলাদেশ | জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ |
| সময়ের আলো | জামায়াতে ইসলামীকে লংমার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের |
| আমাার সংবাদ | জামায়াত আমিরকে লংমার্চ বন্ধের অনুরোধ শেহবাজ শরিফের |
| স্টার নিউজ | জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শাহবাজ শরিফের |
| যুগান্তর | জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব |
| ঢাকা মেইল | পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধে লং মার্চ স্থগিত করল জামায়াত |
| ইন্ডিপেন্ডেন্ট টিভি | জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শাহবাজ শরিফের |
স্পষ্ট শিরোনাম যাদের সংবাদে
বিপরীতে, বেশ কিছু সংবাদমাধ্যম সুনির্দিষ্ট ও স্পষ্ট শিরোনাম ব্যবহার করে খবরটি পরিবেশন করেছে।
| সংবাদমাধ্যমের নাম | স্পষ্ট শিরোনাম |
| এখন টিভি | পাকিস্তানে সরকারবিরোধী লংমার্চ: জামায়াতকে আলোচনা ও সূচি স্থগিতের প্রস্তাব শাহবাজের |
| ডিবিসি নিউজ | জামায়াতে ইসলামী পাকিস্তানকে লং মার্চ স্থগিতের অনুরোধ শাহবাজ শরিফের |
| কালবেলা | পাকিস্তানে শাহবাজের অনুরোধে লং মার্চ স্থগিত করল জামায়াত |
| ইত্তেফাক | জামায়াতে ইসলামীকে ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের |
অস্পষ্ট শিরোনাম যেভাবে বিভ্রান্তি ছড়ায়
২০১৬ সালের জুনে প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকদের বরাতে জানানো হয়, প্রতি ১০ জনের মধ্যে ৬ জনই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা লিঙ্কের মূল সংবাদ পড়েন না; কেবল শিরোনাম দেখে মন্তব্য করেন ও লিঙ্কটি পুনরায় শেয়ার করেন, যা বিভ্রান্তি বাড়াতে মুখ্য ভূমিকা পালন করে।
[দ্রষ্টব্য: এই পর্যবেক্ষণে পর্যালোচিত সকল সংবাদভিত্তিক তথ্য ও উপাত্ত ২২ সেপ্টেম্বর রাত ৮টার পূর্ব পর্যন্ত সংগৃহীত।]