২০২৬ সালের জুলাই মাসে বাংলাদেশের প্রধান স্যাটেলাইট চ্যানেলসমূহ মোট ১৫টি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করেছে, যেখানে বিগত মে মাসে এই সংখ্যা ছিল ১২টি। এই মাসে জনস্বার্থ রক্ষা এবং ডিজিটাল অপরাধ উন্মোচনের পাশাপাশি স্থানীয় শাসনব্যবস্থার প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও সীমাবদ্ধতাসমূহ সংবাদমাধ্যমের নজরদারিতে এসেছে।
টেলিভিশন চ্যানেলসমূহের ব্যক্তিগত পারফরম্যান্স বিশ্লেষণে দেখা যায়, একুশে টিভি প্রতি সপ্তাহে একটি করে মোট ৫টি প্রতিবেদন প্রচারের মাধ্যমে তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া ইনডিপেনডেন্ট টিভি এবং নিউজ টোয়েন্টিফোর প্রতিটি প্রতিষ্ঠান ৩টি করে প্রতিবেদন সম্প্রচারের মাধ্যমে তাদের নিয়মিত অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে। চ্যানেল টোয়েন্টিফোর এবং যমুনা টিভি থেকে ২টি করে অনুসন্ধানী প্রতিবেদন পাওয়া গেছে।
তবে সময় টিভি, মাছরাঙা, মাই টিভি এবং এটিএন নিউজের মতো অগ্রণী প্রতিষ্ঠানসমূহের পূর্ণ নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গেছে।
জুলাই ২০২৬-এ সম্প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনের বিস্তারিত তালিকা
| চ্যানেলের নাম | অনুষ্ঠানের নাম | প্রতিবেদনের শিরোনাম | প্রচারের তারিখ | এপিসোড নম্বর |
| একুশে টিভি | একুশের চোখ | মা’দ’কে’র বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা, একের পর এক গুঁড়িয়ে দেওয়া হচ্ছে | ২ জুলাই ২০২৬ | ৮৭ |
| একুশে টিভি | একুশের চোখ | কম্বোডিয়ায় আড়াই লাখ টাকায় বিক্রি হচ্ছে বাংলাদেশিরা, আধুনিক দাসত্বের ভয়ংকর চিত্র | ৯ জুলাই ২০২৬ | ৮৮ |
| একুশে টিভি | একুশের চোখ | ছি’ন’তাই’কারীদের নিশানায় এখন ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা | ১৬ জুলাই ২০২৬ | ৮৯ |
| একুশে টিভি | একুশের চোখ | দেশজুড়ে অনলাইন জুয়ার ভয়াল থাবা: চীন ও নাইজেরিয়ায় পাচার হচ্ছে দেশের টাকা | ২৩ জুলাই ২০২৬ | ৯০ |
| একুশে টিভি | একুশের চোখ | বিদেশে সুখের স্বপ্ন, বাস্তবে দাসত্ব! ফিরে এসে মানসিক ভারসাম্য হারাচ্ছেন অনেকে | ৩০ জুলাই ২০২৬ | ৯১ |
| নিউজ ২৪ | টিম আন্ডারকাভার | মৃ’ত্যু উপত্যকা কামরাঙ্গীরচর! | ৩ জুলাই ২০২৬ | ২১ (সিজন ০৪) |
| ইনডিপেনডেন্ট টিভি | তালাশ | অন্ধের সম্পদ খায় কে? | ৩ জুলাই ২০২৬ | ৩০৬ |
| যমুনা টিভি | ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি | আসলে কী লুকিয়ে আছে জঙ্গল সলিমপুরে? | ৪ জুলাই ২০২৬ | ৪২৭ |
| নিউজ ২৪ | টিম আন্ডারকাভার | মোবাইলের পর্দায় মৃত্যুফাঁদ! | ১৭ জুলাই ২০২৬ | ২২ (সিজন ০৪) |
| ইনডিপেনডেন্ট টিভি | তালাশ | বিআইডব্লিউটিএর আরিফ | ১৭ জুলাই ২০২৬ | ৩০৭ |
| চ্যানেল টোয়েন্টিফোর | সার্চলাইট | জঙ্গল সলিমপুর: রাষ্ট্রের ভেতর রাষ্ট্র | ২৪ জুলাই ২০২৬ | ৩৪১ |
| নিউজ টোয়েন্টিফোর | টিম আন্ডারকাভার | জিনের ছদ্মবেশের আসল রূপ! | ৩১ জুলাই ২০২৬ | ২৩ (সিজন ০৪) |
| ইনডিপেনডেন্ট টিভি | তালাশ | পূর্বাচলের সাইনবোর্ড ব্যবসা | ৩১ জুলাই ২০২৬ | ৩০৮ |
| যমুনা টিভি | ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি | সুনেত্র গ্যাসকূপ: সত্যের অনুসন্ধান | ৩১ জুলাই ২০২৬ | ৪২৮ |
| চ্যানেল টোয়েন্টিফোর | সার্চলাইট | কওমী মাদ্রাসা: অভিযোগের আড়ালে সত্য | ৩১ জুলাই ২০২৬ | ৩৪২ |
চ্যানেল-ভিত্তিক বিস্তারিত প্রতিবেদন বিশ্লেষণ
একুশে টিভি (একুশের চোখ): কম্বোডিয়ায় মানবপাচার এবং আধুনিক দাসত্বের প্রতিবেদনগুলোর মাধ্যমে জনশক্তি রপ্তানি খাতের তদারকিহীনতার বিষয়টি উঠে এসেছে। এছাড়া, অনলাইন জুয়ার মাধ্যমে মুদ্রা পাচার এবং মাদক চোরাচালান সংক্রান্ত প্রতিবেদনগুলো সরাসরি জাতীয় ও আর্থিক নিরাপত্তার সাথে সম্পর্কিত।
যমুনা টিভি: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারিত্বের বিষয়টি তুলে ধরেছে, যা মূলত ভূমিদস্যুতা এবং স্থানীয় প্রশাসনের দীর্ঘমেয়াদী নিষ্ক্রিয়তার ফলাফল। এছাড়া, সুনেত্র গ্যাসকূপের প্রকৃত অবস্থার অনুসন্ধানের মাধ্যমে রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদের সম্ভাব্য অপচয় ও অব্যবস্থাপনার দিকটি নির্দেশ করেছে।
ইনডিপেনডেন্ট টিভি (তালাশ): ‘অন্ধের সম্পদ খায় কে?’ প্রতিবেদনটি উত্তরাধিকার কাঠামোতে প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি অসহায়ত্ব এবং তাদের সম্পদ রক্ষায় বিদ্যমান কাঠামোগত দুর্বলতাকে নির্দেশ করে।
চ্যানেল টোয়েন্টিফোর (সার্চলাইট): এ চ্যানেলও চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারিত্বের বিষয়টি তুলে ধরেছে। এছাড়া, কওমী মাদ্রাসার অভ্যন্তরীণ অভিযোগগুলো নিয়ে অনুসন্ধানের মাধ্যমে মূলত বদ্ধ পরিসরে থাকা গোষ্ঠীগুলোর সামাজিক নিরাপত্তার বিষয়টি সামনে আনা হয়েছে।
নিউজ টোয়েন্টিফোর (টিম আন্ডারকাভার): মোবাইল বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণা এবং ‘জিনের বাদশাহ’ সেজে কুসংস্কারকে পুঁজি করে প্রান্তিক মানুষের সাথে আর্থিক প্রতারণার কৌশলগুলো বিশ্লেষণ করেছে। পাশাপাশি, কামরাঙ্গীরচরের প্রতিবেদনটিতে স্থানীয় পর্যায়ের অরাজকতা ও জননিরাপত্তার সংকট উঠে এসেছে।
ইনডিপেনডেন্ট টিভি (তালাশ): বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুর্নীতির প্রতিবেদনটি সরকারি সেবাখাতে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাবের একটি সরাসরি চিত্র।
এ প্রতিবেদনের তথ্য সংগ্রহ করেছেন বাংলাদেশ মিডিয়া মনিটরের রিসার্চ অ্যান্ড মনিটরিং অ্যাসিস্ট্যান্ট ভলান্টিয়ার মেহেদি হাসান